করোনাভাইরাস নিয়ন্ত্রণে নাইজেরিয়ায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদি (পিপিই) পাঠিয়েছে বাংলাদেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো।

দু’দেশের মধ্যে বন্ধুত্বের নিদর্শনস্বরূপ এবং মুজিববর্ষ উদ্‌যাপনের অংশ হিসেবে সোমবার আবুজায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: শামীম আহসান দেশটির ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের সভাপতি বস মোস্তাফার হাতে সরঞ্জামাদি হস্তান্তর করেন।

এ সময় নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসাগি এমানুয়েল এহানিরে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এডেলেকে অলুরুন্নিম্বে মামোরা, মন্ত্রণালয়ের সচিব, মিশনের প্রথম সচিব বিদোষ চন্দ্র বর্মণসহ উভয় দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দূতাবাসের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, হস্তান্তর করা সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে সু-কভার, ফেস মাস্ক, গ্লাভস ইত্যাদি। হস্তান্তর অনুষ্ঠানে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে হাইকমিশনার মিস্টার আহসান বাংলাদেশ ও নাইজেরিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্কের ওপর আলোকপাত করেন।

তিনি বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া উভয়ে বিশ্বের সঙ্গে মিলে কোভিড-১৯ মহামারি মোকাবিলা করছে, যা পরস্পরকে আরো ঘনিষ্ঠতর করছে। হাইকমিশন কর্তৃক বছরব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের প্রতীকী নিদর্শনস্বরূপ পিপিই হস্তান্তর করতে পারায় শামীম আহসান বিশেষ সন্তোষ প্রকাশ করেন।

জবাবে বন্ধুত্বপূর্ণ উপহারের জন্য হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকার এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাইজেরিয়ান ফেডারেল সরকারের সচিব এবং কোভিড-১৯ বিষয়ক প্রেসিডেন্সিয়াল টাস্কফোর্সের সভাপতি বস মোস্তাফা বলেন, বাংলাদেশ ও নাইজেরিয়া প্রতিরক্ষা সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

কোভিড-১৯ এর কারণে বিশ্বব্যাপী মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশের আন্তরিক ওই উপহার প্রদান বন্ধুপ্রতিম দু’দেশের বিদ্যমান সম্পর্ককে আরো গভীরতর করবে।

এমবি