বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চেক প্রজাতন্ত্র। এজন্য দেশটি সার উৎপাদন শিল্পে বিনা সুদে অর্থায়নের পাশাপাশি বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতেও আগ্রহী।

বাংলাদেশের সমবর্তি দায়িত্বে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টেসেক এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা জানান। মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্পখাতে বিনিয়োগ, জ্বালানি দক্ষ প্রযুক্তি স্থানান্তরসহ অন্যান্য ইস্যু আলোচনায় স্থান পায়।

বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশের উদীয়মান শিল্পখাতে বিনিয়োগের জন্য চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বমানের তৈরি পোশাক, চামড়া, ওষুধ, প্লাস্টিক, সিরামিক, হিমায়িত খাদ্য উৎপাদন করছে। বাংলাদেশি ওষুধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশে রপ্তানি হচ্ছে। চেক প্রজাতন্ত্র বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য আমদানি করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তারা এসব শিল্পাঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তিনি জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণ ও রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর আধুনিকায়নের জন্য বাস্তবসম্মত প্রস্তাব পেশ করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

চেক রাষ্ট্রদূত বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, ৬ শতাংশেরও বেশি ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশকে বৈদেশিক বিনিয়োগের গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করেছে। দেশের প্রায় ১৬ কোটি জনসংখ্যা এ সম্ভাবনাকে আরো বাড়িয়ে দিয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা স্থাপন, চিনিকলের আধুনিকায়ন, যোগাযোগ ও সিভিল এভিয়েশন শিল্পের উন্নয়নখাতে চেক প্রজাতন্ত্র বিনিয়োগ করবে। তিনি বলেন, চেক প্রজাতন্ত্র অত্যন্ত গুণগতমানের হালকা মোটরযান ও সমরাস্ত্র তৈরি করছে। পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণরোধেও তাদের বিশ্বমানের প্রযুক্তি রয়েছে। সবুজ শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ এসব পণ্য আমদানি করতে পারে বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর