প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী ব্যবসায়ীরা নিজ খরচে য্ক্তুরাষ্ট সফরে গেছেন বলে দাবি করেছে দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই।
বুধবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সফরসঙ্গীদের খরচ সরকারী তহবিল থেকে প্রদান করা হয়েছে মর্মে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রদত্ত অভিযোগ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের প্রতি এফবিসিসিআই-এর দৃষ্টি আকৃষ্ট হয়েছে।
এফবিসিসিআই বলেছে, ব্যবসায়ী প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সম্পূর্ন নিজ খরচে যুক্তরাষ্ট্র সফর করছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেও তাদের যাবতীয় খরচের বিষয়ে সরকারের কোন আর্থিক সম্পৃক্ততা নেই। যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সরকার কর্তৃক ইস্যুকৃত জিও-তেও ব্যবসায়ী প্রতিনিধিদলের সকলকে তাদের যাবতীয় ব্যয়ভার নিজস্ব তহবিল হতে বহনের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮০ জন প্রতিনিধি নিয়ে জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দেয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছেন। এর মধ্যে এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্্মদ-এর নেতৃত্বে ৭০ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল অন্তর্ভূক্ত আছেন।
সংগঠনটি আরো বলেছে, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এফবিসিসিআই প্রতিনিধিদলের মার্কিন যুক্তরাষ্ট্র সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ন। সফরকালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী রপ্তানী পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা প্রদান এবং জিএসপি সুবিধা পুন:আরোপের বিষয়ে জোরাালো দাবি জানাবে বাংলাদেশ।
এছাড়াও বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বানিজ্যিক সম্পর্ককে আরো জোরালো করার পাশাপাশি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির জন্য আহ্বান জানানো হবে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমআর





