জামায়াতে ইসলামী বাংলাদেশ আহ্বানে আগামীকাল ৩০ অক্টোবর এবং ২ ও ৩ নভেম্বর, অর্থাৎ বৃহস্পতিবার, রোববার ও সোমবার ডাকা হরতাল আহ্বানে বেসরকারী খাতের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এফবিসিসিআই বলেছে,দেশে বর্তমানে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে। বৈদেশিক মূদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, বৈদেশিক বিনিয়োগ, আমদানি ও রপ্তানি কার্যক্রম প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক গতিধারা লক্ষ্য করা যাচ্ছে।

দেশের অনুকূল বিনিয়োগ পরিস্থিতি বিবেচনা করে চীন, জাপান, কম্বোডিয়া, ইতালীসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীগণ এদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এ অবস্থায় লাগাতার হরতালসহ যে কোন নেতিবাচক কার্যক্রম দেশের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে এবং বিনিয়োগকারীগণ নিরুৎসাহিত হবে।

উল্লেখ্য যে, আহুত ৭২ ঘন্টার হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহ, শিক্ষা ও বিভিন্ন খাতের বিদ্যমান কার্যক্রম ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হবে। বানিজ্যিক কার্যক্রম বিঘিœত হওয়ায় তা সামগ্রিকভাবে অর্থনীতি, বানিজ্য ও নাগরিক কর্মকান্ড কে ক্ষতিগ্রস্ত করবে। তাছাড়া বিচারিক বিষয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার মত কর্মসূচী দেশের ব্যবসায়ী সমাজ অগ্রহনযোগ্য বলে মনে করেন।

হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারন নীরিহ মানুষের জানমালের ক্ষতি কোনভাবেই সমর্থনযোগ্য নয়।

এ অবস্থায় ৩০ অক্টোবর, ২০১৪ তারিখ ২৪ ঘন্টা এবং ২ ও ৩ নভেম্বর, ২০১৪ তারিখের দেশব্যাপী হরতাল প্রত্যাহারের জন্য এফবিসিসিআই উদাত্ত্ব আহ্বান জানাচ্ছে।

ঢাকা, ২৯ অক্টোবর, টাইমনিউজবিডি.কম, এসএমআর