সারের চাহিদা মেটাতে সৌদি আরব থেকে ২০ হাজার টন ইউরিয়া আমদানি করতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সার কেনার এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন।
সভা সূত্রে জানা গেছে, সৌদি আরবের প্রতিষ্ঠান সাবিকের কাছ থেকে ২০ হাজার টন সার আমদানি চুক্তির আওতায় ইউরিয়া আনা হচ্ছে। এ সার আমদানিতে মোট ব্যয় হবে ৫১ কোটি ৫২ লাখ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৩০ দশমিক ৭৫ হাজার টাকা।
ক্রয় কমিটির বৈঠকে ৮টি দেশ থেকে সরকারি পর্যায়ে মোট ১৬ লাখ ২০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল আমদানির ৮টি ক্রয় প্রস্তাব অনুমোদন ও প্রিমিয়াম নির্ধারণ করা হয়। চলতি পঞ্জিকা বছরের জুলাই-ডিসেম্বর মেয়াদে এসব তেল আমদানি করা হবে এবং এতে মোট ব্যয় হবে ১১ হাজার ৯৮ কোটি ৬২ লাখ টাকা।
এর মধ্যে চীনের ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে ৮০ হাজার মেট্রিক টন ডিজেল ও ফার্নেস অয়েল (৫৪৩ কোটি ২৭ লাখ টাকা), ইন্দোনেশিয়ার ‘পিটি বুমি-সিয়াক পুসাকো’ থেকে ৪০ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল (২০৬ কোটি ৭৭ লাখ টাকা), গণচীনের ‘পেট্রোচায়না ইন্টারন্যাশনাল (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’ থেকে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল ও ফার্নেস অয়েল (৮৬৬ কোটি ৫৮ লাখ টাকা), ভিয়েতনামের ‘পেট্রোলিমেক্স সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ডিজেল ও ফার্নেস অয়েল (৬৩১ কোটি ৪৮ লাখ টাকা) মালয়েশিয়ার ‘পেটকো ট্রেডিং লাবুয়ান কোম্পানি লিমিটেড’ থেকে ৩ লাখ ৭৫ হাজার হাজার মেট্রিক টন ডিজেল-ফার্নেস অয়েল-কেরোসিন ও জেট ফুয়েল (২ হাজার ৫২৬ কোটি ১৯ লাখ টাকা), সংযুক্ত আরব আমিরাতের ‘এমিরেটস ন্যাশনাল অয়েল কোম্পানি (সিঙ্গাপুর) পিটিই লিমিটেড’ থেকে ১ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল ও ফার্নেস অয়েল (১ হাজার ১৭৬ কোটি ৭৪ লাখ টাকা) ফিলিপাইনের ‘পিনোক এক্সপ্লোরেশন কর্পোরেশন’ থেকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল-ফার্নেস অয়েল ও অকটেন (৮৮৭ কোটি টাকা) এবং কুয়েতের ‘কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন’ থেকে ৫ লাখ ৭০ মেট্রিক টন ডিজেল ও জেট ফুয়েল (৪ হাজার ২৫৮ কোটি ৫৯ লাখ টাকা) জ্বালানী তেল ক্রয় করা হবে।
এছাড়া ক্রয় কমিটির বৈঠকে ৭৮ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ‘ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী নিবাস নির্মাণ’ প্রকল্পের আওতায় দয়াগঞ্জ ক্লিনার্স কলোনীতে ৫টি ১০ তলা ভবন নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব, ৫৫ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নাগরপুর-মির্জাপুর ভায়া মোকনা সড়কে ধলেশ্বরী নদীর উপর ৫২০ দশমিক ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব এবং সৌদি আরব থেকে ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমআর





