[b]ঢাকা: [/b]সরকারি সিকিউরিটিজে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগে উৎসাহ ও সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দেশে কার্যরত সব বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে বুধবার পাঠিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি সিকিউরিটিজের ব্যাপারে ব্যক্তিপর্যায়ে বিনিয়োগে আগ্রহ সৃষ্টি হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে গ্রাহক তার ব্যাংক থেকে প্রয়োজনীয় তথ্য সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও এর আগে সরকার থেকে এ ব্যাপারে একাধিক সুষ্পষ্ট নির্দেশনা রয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ট্রেজারি বন্ড বা বিলে লেনদেনের জন্য বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে এমআই মডিউলে হিসাবধারী ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তাদের ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ের গ্রাহকদের জন্য বিজনেস পার্টনার আইডি (বিডিআইডি) হিসাব খুলে প্রয়োজন অনুযায়ী এ বিল বা বন্ড প্রাইমারি নিলামে সংগ্রহ বা সংরক্ষণ করতে পারে।
আবার ওটিসি বা টিডব্লিউএস ব্যবস্থায় সেকেন্ডারি মার্কেটে ক্রয়-বিক্রয় করতে পারে। কয়েকটি প্রাইমারি ডিলার ব্যাংক এরই মধ্যে সক্রিয়ভাবে এ ব্যবস্থা করেছে।
এ অবস্থায় অন্যান্য ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠাকেও এভাবে গ্রাহকদের খাতে ট্রেজারি বিল বন্ড কেনা-বেচায় সক্রিয় হতে এবং এ বিষয়ে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দ্রুত জোগান দেয়ার ব্যাপারে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
উল্লেখ্য, সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো ব্যক্তি এবং বাংলাদেশে অবস্থিত কোনো প্রতিষ্ঠান যেমন, ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড, পেনশন ফান্ড ইত্যাদি ব্যবস্থাপনায় সরকারি সিকিউটিজ ক্রয় করা যাবে। এছাড়া অনিবাসী কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে দেশে অবস্থানকারী কোনো ক্রয়কারীর নামে ‘অনিবাসী বৈদেশিক মুদ্রা হিসাব’-এর মাধ্যমে সরকারি সিকিউরিজে বিনিয়োগ করতে পারবে।
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]