ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের ঋণ পেতে উদ্যোক্তাদের নানামুখী ঝামেলা পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা বলছেন, খাতটির সঠিক নীতিমালা না থাকায় এবং ব্যাংকগুলোর উদাসীনতার কারণে উদ্যোক্তাদের বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, এসএমই খাতের উন্নয়নে ব্যাংকগুলোকে কঠোর মনিটরিং করতে হবে। যেসব ঋণ বিতরণ করা হয়েছে বা হচ্ছে তা যেন সঠিক খাতে বিনিয়োগ করা হয় তার জন্য কঠোর নজরদারি করার আহ্বান জানান তিনি।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে এসএমই খাতের উন্নয়ন’ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে মুক্ত আলোচনায় এসব অভিযোগ ওঠে।
তবে এই খাতে ব্যাংকগুলোর এমন উদাসীনতা এবং সঠিক নীতিমালা না থাকার অভিযোগ অনুষ্ঠানেই স্বীকার করেছেন বিআইবিএম-এর এসএমই কনসালটেন্ট সুকোমল সিংহ চৌধুরী। এসময় তিনি বলেন, এ খাতের উন্নয়নে কিছু সমস্যা আছে তবে এ খাতে কাজও কম হচ্ছে না। ব্যাংকগুলো উদ্যোক্তাদের বিভিন্নভাবে হয়রানি করছে বলে বহু অভিযোগ আমাদের কাছে আছে। এসএমই-কে উদ্যোক্তাদের দোর গড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেন, অনেক দেশ তাদের উন্নয়নে এসএমই খাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। এতে কর্মসংস্থানও বাড়ছে। এ ধরণের আর্থিক অগ্রগতি আমাদের দেশের জন্য প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি এসএমই উদ্যোক্তারা যেন তাদের পণ্য সহজে বাজারজাত করতে পারে তার ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের আহবানও জানান তিনি।
উদ্যোক্তারা তাদের পণ্য সহজে বাজারজাত করতে পারলে তারা পণ্যের ন্যায্য মূল্য পাবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকে এসএমই বিভাগ প্রতিষ্ঠার পর থেকে ২০১৩ সালের শেষে ব্যাংকিং খাতে ঋণ বিতরণ বেড়েছে ৫৯ শতাংশ। এর মধ্যে উৎপাদন ও সেবা খাতে ৫৫ শতাংশ ঋণ বিতরণ করা হয়েছে। এ সময়ে ৬৫ হাজার ৫০৪ জন নতুন ব্যবসায়ী উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়েছে ১৩ হাজার ১৯৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটওয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর মো. আবুল কাশেম, সিরডাপের পরিচালক ড. সিসেপ ইফান্দি, যুক্তরাজ্যের কমনওয়েলথ ইনভাইরোনমেন্ট ইনভেস্টমেন্ট প্লাটফরম (সিইআইপি)-এর চেয়ারম্যান মাইকেল আলফ্রেড সিপিড, ভারতের আইসিই স্টার্টআপ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা শংকর রিলিসহ আরো অনেকে।
[b]ঢাকা, ৩০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]