বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনায় ব্যবসায়ী কিম ওয়ংকেই মূল পরিকল্পনাকারী বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের সিনেটর সেরগে ওসমেনা।

ওসমেনা এক সাক্ষাৎকারে বলেন, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার ব্যবস্থাপক মায়া সান্তোস-দেগুইতো ওই অর্থ চুরির ঘটনায় সর্বোচ্চ দোষী নন।

গত বৃহস্পতিবার সিনেট শুনানিতে তাঁর কথা বিশ্বাসযোগ্য মনে হয়েছে। চুরি যাওয়া অর্থ আরসিবিসির যে কয়েকটি ব্যাংক হিসাবে পাঠানো হয়েছিল, ওয়ংই সেগুলো খোলার জন্য দেগুইতোকে বলেছিলেন।

মুদ্রা রূপান্তরকারী প্রতিষ্ঠান ফিলরেমের সেবা নেওয়ার নির্দেশও দেন ওয়ং।

নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বাংলাদেশ ব্যাংকের ওই অর্থ আরসিবিসির মাধ্যমে চীনের কয়েকজন কম্পিউটার হ্যাকার সে দেশের একাধিক ক্যাসিনোয় স্থানান্তর করেন।

ওসমেনা বলেন, চুরির পুরো প্রক্রিয়ায় একজন সমন্বয়কারী ছিলেন। মনে হচ্ছে কিম ওয়ংই সেই ব্যক্তি। তবে তাঁকে এ বিষয়ে নিজ বক্তব্য উপস্থাপনের সুযোগ দিতে হবে।

তিনি ওই চুরির ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ ধারণালাভের জন্যই তাঁর কথা শুনতে হবে।
ওয়ং এখন চিকিৎসার জন্য ফিলিপাইনের বাইরে অবস্থান করছেন বলে তাঁর আইনজীবী জানিয়েছেন।

এসএম