বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনার তদন্তে সংশ্লিষ্ট সাইবার বিশেষজ্ঞ তানভির হাসান জোহাকে অপহরণ করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে তাকে রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে অপহরণ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশকে জানানোর প্রস্তুতি নিচ্ছে জোহার পরিবার বলে গণমাধ্যমকে জানানো হয়েছে।
জোহার ঘণিষ্ঠরা জানান, বুধবার অফিস থেকে বাসায় ফেরার আগে সর্বশেষ স্ত্রীর সঙ্গে ফোনে বলেন জোহা। এর আগে দুইদিন তিনি বাসায় ফেরেননি। এর কারণ অবশ্য জানে না তার পরিবার।
অফিস থেকে বের হওয়ার পর সিএনজিতে ওঠেন জোহা। কচুক্ষেত এলাকায় পৌঁছালে দুই-তিনটি গাড়ি জোহাকে বহনকারি সিএনজিকে ঘিরে ফেলে। এরপরই থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, তানভির হাসান জোহা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সাইবার নিরাপত্তা বিভাগের ডিরেক্টর (অপারেশন)। তবে এই প্রকল্পটি গত দুই মাস ধরে স্থগিত আছে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে এ বিষয়ে বক্তব্য দিলে আইসিটি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমকে জানায় সাইবার বিশেষজ্ঞ জোহার সঙ্গে মন্ত্রণালয়ের কোন সম্পৃক্ততা নেই।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিভার্জ থেকে অর্থ চুরির ঘটনায় প্রথমে বাংলাদেশ ব্যাংক অনানুষ্ঠানিকভাবে তার সহযোগিতা নেয়। পরবর্তীতে র্যাব আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করার সময়েও সাইবার বিশেষজ্ঞ জোহার সহযোগিতা নেয়।
তাকে নিয়েই বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগ ও ব্যাক অফিস পরিদর্শন করে। সার্ভার কম্পিউটারের বিভিন্ন দিক খুটিয়ে দেখে।
সূত্র জানায়, জোহার সঙ্গে প্রথম থেকেই তথ্য ও উপাত্ত নিয়ে অমিল হয় বাংলাদেশ ব্যাংকের আইটি কনসালটেন্ট রাকেশ আস্তানার সঙ্গে। এসময় জোহার অনেক প্রশ্নের উত্তর দিতে পারেননি রাকেশ আস্তানা।
অপরদিকে, কিছুদিন আগে গণমাধ্যমকে তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি নিয়ে প্রকৃত তথ্য সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করায় একটি মহল আমার ওপর ক্ষুব্ধ হয়েছে। তাই তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তারা তদন্ত সহায়তা থেকে আমাকে সরিয়ে দিতে চাইছে। কারণ আমি অনেক বিষয়েই প্রশ্ন তুলছি। তথ্যর বিশ্বাসযোগ্যতা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছি।
তিনি আরও বলেছিলেন, র্যাবসহ দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার আমন্ত্রণে আমি জঙ্গি তৎপরতাসহ সাইবার অপরাধের বড় বড় ঘটনা তদন্তে সহায়তা করেছি। তখন কোনও প্রশ্ন ওঠেনি। এখন একটি মহলের স্বার্থে আঘাত লাগায় তারা আমার বিরুদ্ধে লেগেছে।
এমবি





