'বাঁচার মতো বাঁচতে চাই, ফরমালিনমুক্ত ফল চাই' এই শ্লোগান নিয়ে রাজধানীতে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি।

বুধবার রাজধানীর ফলের দোকানে এই সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়।

ঢাকা মহানগর ফল ব্যবসায়ীদের নামে এ প্রচারপত্রে বলা হয়েছে, ফল ফরমালিনমুক্ত করার লক্ষ্যে ১৯ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ফলের দোকান বন্ধ থাকবে। যতদিন ফরমালিন মুক্ত না হবে ততদিন পর্যন্ত ব্যবসা বন্ধ থাকবে।

ঢাকা মহানগর ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সানাউল্লাহ বলেন, ভ্রাম্যমাণ আদালত ফরমালিনমুক্ত অভিযানের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি ও পুঁজি ধ্বংস করছেন।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত ফলের হিমাগারে অভিযান চালান না। সেখান থেকে বাইরে ফল এনে পরীক্ষা করলে তাতে নিশ্চিত ফরমালিন পাওয়া যাবে। তারা তো আমদানিকারকদের কাছ থেকেই ফল কেনেন।

ক্ষুদ্র ব্যবসায়ীরা ফলে ফরমালিন মেশান না। কারা ফরমালিন আনেন, কারা ফলে ফরমালিন মেশান সেটি খোঁজ না করে ভ্রাম্যমাণ আদালত ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের হয়রানি করছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালতের ফরমালিন শনাক্তকরণ যন্ত্রে ক্রটি আছে।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর