রিজার্ভের অর্থ হ্যাকিংয়ের বিষয়ে প্রয়োজনে সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। রিজার্ভ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ কথা জানায় সংস্থাটি।
তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের সার্ভার ও পর্যবেক্ষণ যন্ত্রপাতি জব্দ করা হয়েছে বলেও জানিয়েছে তারা। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে নতুন গভর্নর ফজলে কবির সাংবাদিকদের বলেছেন, বর্তমান সঙ্কট ও রিজার্ভের অর্থ চুরির মতো ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোই তার প্রথম লক্ষ্য। গভর্নরের দায়িত্ব পাওয়ার পর নির্ধারিত সময়ের একদিন আগেই দেশে ফিরে এলেন, ফজলে কবির।
সদ্য বিদায়ী গভর্নর ড. আতিউর রহমান সাত বছরের দায়িত্ব পালনকালে চেষ্টা করেছেন বাংলাদেশ ব্যাংককে মানবিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে। নিয়েছেন অসংখ্য আর্থিক অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম। যদিও তার আমলেই ঘটেছে দেশের ইতিহাসে বড়ো বড়ো সব আর্থিক কেলেংকারির ঘটনা। সবশেষ সাইবার এ্যাটাকের মাধ্যমে রিজার্ভের অর্থ চুরি যাওয়ার ঘটনায় নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ করেন তিনি। এর কিছুক্ষণ আগেও তিনি জানিয়েছিলেন, প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাবেন আজীবন। একই সাথে, সম্ভাব্য নতুন গভর্নরের কাছে তার প্রত্যাশা ছিল আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রম এগিয়ে নেবার।
কেন্দ্রীয় ব্যাংকের ১১তম গভর্নরের দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব ফজলে কবির। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি জানালেন, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
গভর্নর জানান, গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে রিজার্ভের সুরক্ষা নিশ্চিত করাই হবে তার প্রথম লক্ষ্য।
এদিকে দ্বিতীয় দফায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে সিআইডি। তারা সার্ভার ও পর্যবেক্ষণ যন্ত্রপাতি জব্দ করেছে।
প্রয়োজনে সাবেক গভর্নর ড. আতিউর রহমানকেও জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন সিআইডির এই কর্মকর্তা।
এআইজে





