গুণগতমান বজায় রেখে দ্রুত শাহজালাল ফার্টিলাইজার প্রকল্প সম্পন্ন করার তাগিদ দিয়েছেন  শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। তিনি বলেন, এ প্রকল্পের নির্মাণ ও গুণগতমানের ওপর চীনের ঐতিহ্যবাহী নির্মাতা প্রতিষ্ঠান কমপ্ল্যান্টের ভাবমূর্তি নির্ভর করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে গুণগতমান বজায় রেখে এ প্রকল্প বাস্তবায়নে সক্ষম হলে ভবিষ্যতেও সার উৎপাদনখাতে সহযোগিতার জন্য কমপ্ল্যান্টকে বিবেচনা করা হবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সফররত শাহ্জালাল ফার্টিলাইজার প্রকল্পের চীনা নির্মাতা প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (কমপ্ল্যান্ট) এর প্রেসিডেন্ট মিঃ গু হাইটাও এর সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ তাগিদ দেন। সোমবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমপ্ল্যান্ট এর নিরাপত্তা ও মাননিয়ন্ত্রণ বিভাগের মহাব্যবস্থাপক বাই ইয়ান ফেই, বাংলাদেশ প্রজেক্ট বিভাগের মহাব্যবস্থাপক লি গুয়াং, শাহজালাল ফার্টিলাইজার কারখানার প্রকল্প ব্যবস্থাপক মিঃ মাজহ্যাং, বেইজিং শাখা কমপ্ল্যান্ট লিমিটেডের ব্যবস্থাপক গাও সু সহ শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে চায়না ন্যাশনাল কমপ্লিট প্ল্যান্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (কমপ্ল্যান্ট) এর প্রেসিডেন্ট মিঃ গু হাইটাও (এট ঐঅওঞঅঙ) নির্ধারিত সময়ের আগেই শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন। তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত সমাপ্ত করতে ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের সার উৎপাদনখাতে কমপ্ল্যান্ট সহায়তা অব্যাহত রাখতে আগ্রহী বলে তিনি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।
এসময় শিল্পমন্ত্রী শাহ্জালাল ফার্টিলাইজার প্রকল্পের বাস্তব অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নির্মাণ কাজের চলমান অগ্রগতি অব্যাহত রেখে নির্দিষ্ট সময়ের আগেই প্রকল্প শেষ করার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি তাগিদ দেন।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]