আবারও এলপি গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড (এলপিজিএল)। এজন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে সারাদেশে ভোক্তা পর্যায়ে বেসরকারি ১২ কেজি বোতলের এলপি গ্যাসের দাম ১ হাজার ৪২২ টাকা, সেখানে এলপিজিএলের সাড়ে ১২ কেজির বোতলের দাম মাত্র ৫৯১ টাকা। ২০২১ সালের ১৭ মে থেকে ৫৯১ টাকা দরে এলপি গ্যাস বিক্রি করে আসছে সরকারি প্রতিষ্ঠানটি। প্রায় দুই বছর পর এবার দাম বাড়ানোর পদক্ষেপ নিয়েছে এলপিজিএল। তাও সাড়ে ১২ কেজির বোতলে ৩০৯ টাকা বাড়িয়ে ৯০০ টাকা করার জন্য বিপিসিকে প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান হিসাবে বেসরকারি সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম পড়ে ১ হাজার ৪৮১ টাকার বেশি।
জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রোপেন এবং বিউটেন আমদানি করে বেসরকারি এলপিজি প্ল্যান্টগুলো। পেট্রোলিয়াম গ্যাসের এ দুই উপাদানের মূল্য সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো সিপি (কার্গো প্রাইচ) অনুসারে নির্ধারিত হয়। সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে প্রতি মাসে এলপিজির দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সৌদি সিপি অনুসারে মার্চ মাসে প্রোপেন ৭২০ ডলার এবং বিউটেন ৭৪০ ডলার হিসেবে ৩৫:৬৫ অনুপাতে মিশ্রণ বিবেচনায় গত ২ মার্চ বিইআরসি মার্চ মাসের জন্য এলপিজির মূল্য সমন্বয় করে। হিসাব অনুযায়ী মার্চ মাসে প্রতি মেট্রিক টন এলপিজির সৌদি সিপি অনুযায়ী মূল্য দাঁড়িয়েছে ৭৩৩ ডলার।
এইচএম





