আসন্ন বাজেটে গার্মেন্টস শ্রমিকদের জন্য ছয় খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি আমিল হক আমিন।

আমিল হক আমিন বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দের কথা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। আসন্ন বাজেটে বিশেষ ব্যবস্থা না থাকলে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব।

তিনি জানান, তাদের দাবিনামা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ১০ থেকে ১৫ মে’র মধ্যে জমা দেওয়া হবে। শ্রমিকদের জন্য যেসব খাতে বরাদ্দ চাওয়া হচ্ছে- পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা, গার্মেন্টস শ্রমিক কলোনি, শিশু লালন কেন্দ্র, শ্রমিক পরিবহণ, শিল্প এলাকায় শ্রমিকদের জন্য বিশেষ হাসপাতাল ও নিরাপদ মাতৃসদন স্থাপন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শাফিয়া পারভীনসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ