আগামী পাঁচ অর্থবছরে ৯২ হাজার ৪৭৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০১৯ সাল নাগাদ বর্তমান সরকারের মেয়াদকালে এ অর্থ বিতরণের পরিকল্পনার কথা সরকারকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণে প্রতি অর্থবছরে গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মন্ত্রিসভার সিদ্ধান্ত মোতাবেক আগামী পাঁচ অর্থবছরে কৃষি খাতে কী পরিমাণ ঋণ বিতরণ করা হবে, সে সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের কাছে।
গত ২৭ এপ্রিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পাঠানো চিঠিতে ওই তথ্য চাওয়া হয়। এর ভিত্তিতেই আগামী ২০১৪-১৫ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত বছরওয়ারি কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার তথ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে।
তাতে পাঁচ অর্থবছরে মোট ৯২ হাজার ৪৭২ কোটি ৯০ লাখ টাকা বিতরণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক প্রভাষ চন্দ্র মল্লিক স্বাক্ষরিত প্রতিবেদনে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ২০১৪-১৫ অর্থবছরে ১৫ হাজার ৭৬২ কোটি ৬০ লাখ টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ১৭ হাজার ২৩ কোটি ৬১ লাখ টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ১৮ হাজার ৩৮৫ কোটি ৫০ লাখ টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ১৯ হাজার ৮৫৬ কোটি ৩৪ লাখ টাকা ও ২০১৮-১৯ অর্থবছরে ২১ হাজার ৪৪৪ কোটি ৮৪ লাখ টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রার কথা জানানো হয়েছে।
গত ৭ মে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, 'ব্যাংকগুলোর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগেই নির্ধারণ করা কঠিন। বিদ্যমান নীতিমালা মোতাবেক কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্যমাত্রা পূর্বনির্ধারিত বা অনুমিত কোনো বিষয় নয় বরং ব্যাংকগুলোর মোট ঋণপ্রবাহের ওপর নির্ভরশীল। আর ব্যাংকগুলোর ঋণপ্রবাহ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা, প্রাকৃতিক বিষয় (বন্যা, খরা, প্লাবন) এবং বৈশ্বিক অর্থনীতির গতি-প্রকৃতির ওপর নির্ভরশীল।'
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০০৯-১০ অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৫১২ কোটি টাকা। পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৬১৭ কোটি টাকা। আর ২০১১-১২ অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৮০০ কোটি টাকা।
২০০৯-১০-এর তুলনায় পরের অর্থবছর ঋণ বিতরণের লক্ষ্যমাত্রার প্রবৃদ্ধির হার ছিল ৯.৫০ শতাংশ। আর আগের অর্থবছরের তুলনায় ২০১১-১২ অর্থবছরে লক্ষ্যমাত্রার পরিমাণ ছিল ৯.৩৭ শতাংশ বেশি। তবে ২০১১-১২ অর্থবছর থেকে কৃষিঋণ বিতরণের হার মোট ঋণ বিতরণের ন্যূনতম ২ শতাংশের শর্ত জুড়ে দেওয়ার পর ওই অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৪ হাজার ১৩০ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২.৩৯ শতাংশ বেশি।
একইভাবে চলতি ২০১৩-১৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে ৩.২৯ শতাংশ বাড়িয়ে ১৪ হাজার ৫৯৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
অর্থনীতি
সাড়ে ৯২ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ
আগামী পাঁচ অর্থবছরে ৯২ হাজার ৪৭৩ কোটি টাকা কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। ২০১৯ সাল নাগাদ বর্তমান সরকারের মেয়াদকালে এ অর্থ বিতরণের পরিকল্পনার কথা সরকারকে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণ বিতরণে প্রতি অর্থবছরে গড় প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ শতাংশ।





