করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমী।
শুক্রবার (২৬ জুন) বিকেলে এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
সিরাজুল ইসলাম জানান, বিকেল ৫টা ৬মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে কেন্দ্রীয় ব্যাংক পরিবার শোকাবহ। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।
আল্লাহ মালিক কাজমীর মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন।
জানা গেছে, আল্লাহ মালিক কাজেমী সবশেষ বিগত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্বে পালন করেন, তখন (২০০১ সাল থেকে ২০০৫ সালে) তিনি ডেপুটি গভর্নর ছিলেন। এরপর আল্লাহ মালিক কাজেমী সফলভাবেই তার পেশাগত জীবনের প্রথম পাঠ শেষ করেন।
এরপর ড. ফখরুদ্দিন আহমদ তার মেয়াদের শেষ দিকে এসে বিশিষ্ট এই ব্যাংকারকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয়ার চিন্তা করেন। পরে আল্লাহ মালিক কাজেমীর প্রয়োজনীয়তা বিবেচনা করে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড তখন তার নিয়োগ নীতিগতভাবে অনুমোদন দেয়। তবে নানা জটিলনায় নিয়োগ পেতে দেরি হয়।
ড. আতিউর রহমানকে যখন কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেয়া হয় বর্তমান সরকারের মেয়াদে তখন তাকে ব্যাংকে বহাল রাখার সিদ্ধান্ত নেন তিনি। সবশেষ আল্লাহ মালিক কাজেমী কেন্দ্রীয় ব্যাংকের চেইঞ্জ ম্যাজেনমেন্ট অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এমবি





