১ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেহ মাহমুদ নামে কৃষি ব্যাংকের এক পরিদর্শককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কুমিল্লা মহানগরীর উজির দিঘির পাড়ের নিজ বাসা থেকে বুধবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা দুদকের উপ-পরিচালক আবুল কামাল আজাদ জানান, ২০০৯ সালের ২৬ অক্টোবর থেকে ২০১৩ সালের ৭ মার্চ পর্যন্ত কৃষি ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে এক কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯৫৬ টাকা আত্মসাৎ করেন।
পরে তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। বিষয়টি টের পেয়ে দুদক মামলা করে।
আবুল কামাল আজাদ জানান, ২০১৫ সালের ২ জুলাই কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দুদকের উপ-পরিচালক সৈয়দ শহিদ উল্লাহ দুর্নীতি প্রতিরোধ আইনে একটি মামলা করেন।
ওই মামলা তদন্তের পর আদালতের নির্দেশে বুধবার দুপুরে তিনি গ্রেফতার হন।
এসএম





