অর্থ আত্মসাতের মামলায় অব্যাহতি পেয়েছেন পূবালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ চার আসামি। আসামিদের বিরুদ্ধে এজাহারে উল্লেখিত অপরাধ তদন্তে প্রমাণিত না হওয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়ছে। দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছে তারা হলেন পূবালী ব্যাংকের চক বাজার শাখার প্রাক্তন সিনিয়র অফিসার (বর্তমানে ব্যাংকের বেগম বাজার শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. নূরুল ইসলাম, চক বাজার শাখার প্রাক্তন প্রিন্সিপাল অফিসার (বর্তমানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. আইয়ুব নবী, প্রাক্তন ম্যানেজার (বর্তমানে অবসরপ্রাপ্ত) মো. হাসান আলী ও মিরপুর উত্তর পীরেরবাগের বাসিন্দা মো. নাসির উদ্দিন।

এ বিষয়ে দুদক সূত্র আরো জানায়, মামলার আসামিদের বিরুদ্ধে এজাহারে উল্লেখিত অপরাধ তদন্তে প্রমাণিত না হওয়ায় কমিশনের অনুমোদনক্রমে চকবাজার (ডিএমপি) থানার এফ আর টি সম্প্রতি আদালতে দাখিল করা হয়েছে। দাখিলকৃত এফ আর টি বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে।

২০১৪ সালের ৫ নভেম্বর অর্থ আত্মসাতের অভিযোগে পূবালী ব্যাংকের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার এজাহারে অভিযুক্তদের বিরুদ্ধে ১০ লাখ ২৫ হাজার ১৮০ টাকা (সুদসহ) আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল। যেখানে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করে দুদক। দুদকের উপ-সহকারী পরিচালক এ কে এম ফজলে হোসেন অভিযোগটি অনুসন্ধান ও তদন্ত করেন।

এমএনজে