বকেয়া বেতনের দাবিতে চুন জি নীট সোয়েটার কারখানায় অবস্থান নিয়েছে প্রায় দেড় হাজার শ্রমিক।ডিসেম্বরে বেতন পরিশোধ করা হবে মালিকপক্ষের এমন প্রতিশ্রুতি না রাখায় তারা কারখানায় অবস্থান নিয়েছে।

বুধবার সকালে শ্রমিকরা রাজধানীর উত্তর বাড্ডায় অবস্থিত কারখানাটিতে অবস্থান নেয়।

শ্রমিকরা জানায়, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এর আগে বকেয়া বেতনের দাবিতে তারা আন্দোলন শুরু করলে ৩০ ডিসেম্বর বেতন পরিশোধ করা হবে বলে প্রতিশ্রুতি দেয় মালিকপক্ষ। কিন্তু ৩০ ডিসেম্বর বেতন দেওয়া হয়নি। ফলে তারা কারখানায় অবস্থান নিয়েছে।

কারখানার কাটিং অপারেটর আলী হোসেন বলেন, ‘৩০ ডিসেম্বর বকেয়া বেতন দেওয়ার কথা থাকলেও আমাদেরকে তা দেওয়া হয়নি।

বুধবার আমরা কারখানায় এসে দেখি মালিকপক্ষের কেউই নেই। তারা কারখানা ছেড়ে পালিয়েছে। তাই আমরা কারখানাটিতে অবস্থান নিয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে কারখানার সহকারী উৎপাদন ব্যবস্থাপক (এপিএম) আলমগীর হোসেন বলেন, ‘কারখানার মালিক পালিয়ে গেছে- এমন তথ্য সঠিক নয়। শিগগিরই বকেয়া বেতন পরিশোধ করা হবে। এ বিষয়ে শ্রমিকদের সঙ্গে কারখানার চেয়ারম্যান জাফরউল্লাহর আলোচনা চলছে।

 এমকে