আগামী ১৩ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৯তম সমাবর্তনের ফরম বিতরণ শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। আগামী ২ নভেম্বর থেকে এ ফরম বিতরণ শুরু হবে। সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের নির্ধারিত তারিখের মধ্যে ফরম পূরণ করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে জমা দেওয়ার কথা বলা হয়েছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের খেলার মাঠে আয়োজিত সমাবর্তনে অংশগ্রহণেচ্ছুদের আগামী ২ নভেম্বর থেকে ফরম পূরণ করে ১১ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। অংশগ্রহণের ফরম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে সংগ্রহ করা যাবে।
এদিকে ফরমের রেজিস্টেশন ফি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় ব্যাংকগুলোসহ জনতা ব্যাংক, সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংকে জমা দেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে অংশগ্রহণকারীদের সম্পর্কে বলা হয়, ৪৮তম সমাবর্তন-২০১৪ অনুষ্ঠিত হওয়ার পর থেকে ৪৯তম সমাবর্তনের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগ পর্যন্ত যেসব ফলাফল প্রকাশিত হবে সেই সকল গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তগণ এই সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন।
এদিকে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট একাডেমিক কস্টিউম পরিধান করতে হবে।
এছাড়া অংশগ্রহণকারীদের আগামী ১১ ও ১২ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, বিজ্ঞান ক্যাফেটেরিয়া, বিজনেস স্টাডিজ অনুষদ ভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্যান্ডেলে সমাবর্তনের আমন্ত্রণপত্র সংগ্রহ করে কস্টিউম নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসএইচ





