ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের নেতারা। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা হলেন- আল-আমিন এবং শওকত। তারা দুজনই প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা সন্দেহে ওই দুই শিক্ষার্থীকে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজামুল হক দিদার গ্রুপের কর্মীরা মারধর করে। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানতে পারলে প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে জানতে চাইলে নিজামুল হক দিদার বলেন, শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা থাকায় ওই ছাত্রদের কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে। এখন তাদের কি করবে না করবে সেটা কর্তৃপক্ষ দেখবে।

তিনি আরও বলেন, দুই জনের মধ্যে একজনের বিরুদ্ধে শিবির করার অভিযোগ প্রমাণিত হয়েছে। আরেকজনের বিষয়ে কিছু বলতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলীকে বার বার ফোন করা হলেও পাওয়া যায়নি।

কেএইচ