তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের স্বাধীন নামে এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে  প্রতিপক্ষ গ্রুপের কর্মীরা। গুরুতর আহতাবস্থায়  তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতা) ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টার দিকে ব্যাগ ছোড়াছুড়ির ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী তারেকের সাথে তার সহপাঠী অভির কথা কাটাকাটি হয়।
এই ঘটনায় অভি তার বন্ধু ও বাংলা বিভাগের ৯ম ব্যাচের ছাত্র লিখনকে ফোন করে নিয়ে এসে তারেককে মারধর করে।
পরে একই বিভাগের ৭ম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী শুভ ঘটনাস্থলে এসে লিখনকে চড়থাপ্পর দিয়ে ঘটনাটি মীমাংসা করে দেয়।
এই ঘটনার জেরে লিখন একই গ্রুপের কর্মী তরিকুল, আল-আমিন,নাবিদ, রুবেলসহ বেশ কয়েকজনকে নিয়ে শুভর আপন ছোট ভাই ও মার্কেটিং বিভাগের  ছাত্র স্বাধীনের ওপর হামলা চালায়। এ সময় তারা চাপাতি দিয়ে কুপিয়ে স্বাধীনকে জখম করে।
চাপাতির আঘাতে স্বাধীনের ডাপ পায়ের রগ কেটে যায় এবং  হাড় মারাত্বক জখম হয় । তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল)ভর্তি করা হয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]