রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির আবেদন ২৫ আগস্ট রাত ১২টা থেকে শুরু হবে। চলবে ১৪ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত।এ সময়ের মধ্যে মুঠোফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।
শনিবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি /সমমান এবং এইচএসসি /সমমান ও অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
এ বছর মানবিক শাখা আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৭.৫ থাকতে হবে।
বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের (৪র্থ বিষয়সহ) নূন্যতম জিপিএ ৪.০০ সহ মোট জিপিএ ৮.৫ এবং বাণিজ্য শাখা আবেদনকারীদের (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে।
এছাড়া ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে ‘ও’ লেভেলে ৫টি বিষয়ে এবং ‘এ’ লেভেলে দুইটি বিষয়ে ঊত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় মোট সাতটির মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ ও তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে। ভর্তি পরীক্ষায় তাদের পৃথক প্রশ্নপত্র হবে বলে উল্লেখ করা হয়।
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৫ অক্টোবর। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও আসন বিন্যাসসহ সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।
উল্লেখ্য, এ বছর বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৫০ টি বিভাগে মোট ৩৮২৮জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে এ বিশ্ববিদ্যালয়ে।
ঢাকা, ১৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





