ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভূগোল ও পরিবেশ বিভাগের পরিবেশ ক্লাবের উদ্যোগে ৯ দিনব্যাপী পরিবেশ অলিম্পিয়াড শুরু হয়েছে। এই অলিম্পিয়াডের সহযোগিতা করছে আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ।
এতে এনভায়রনমেন্ট অলিম্পিয়াড, ডিবেটিং চ্যাম্পিয়নশিপ এবং প্রেজেন্টেশন কম্পিটিশন ২০১৪- শীর্ষক বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ ৯ দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।
তিনি বলেন, পরিবেশ বিপর্যয় থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। সেইসঙ্গে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে পরিবেশবিদ, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
জাতিসংঘ ঘোষিত এবারের বিশ্ব পরিবেশ দিবসের ‘রেইজ ইয়োর ভয়েস, নট দ্যা সি লেভেল’ শীর্ষক মূল প্রতিপাদ্য সফল করার জন্য নতুন প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবদুর রব, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আকতার, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদা রশিদ, অধ্যাপক ড. হাফিজা খাতুন, অধ্যাপক নাজনীন আফরোজ হক, সমুদ্র বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাওসার আহমেদ প্রমুখ।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]