করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েই মারা গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইমেরিটাস অধ্যাপক ড. ফখরুল ইসলাম(৮২)।
শনিবার (০৪ জুলাই) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রামেক হাসপাতালের ল্যাবে এই নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ইমেরিটাস প্রফেসর ড. ফখরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। তিনি করোনা আক্রান্ত থাকতে পারেন এমন আশঙ্কায় স্বাস্থ্যবিধি মেনেই কোয়ান্টাম ফাউন্ডেশন তার মরদেহ দাফন করে। মৃত্যুর পর মরদেহ থেকে নেয়া নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
ড. ফখরুল ইসলাম রাবির ফলিত রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি নগরীর কাজিহাটা এলাকায়। এই অধ্যাপকের জন্ম ১৯৩৮ সালে কলকাতায়। তার বাবা মীর আহমদ হোসেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ ছিলেন। পড়াশোনা শেষ করে ফখরুল ইসলামও বাবার মতো শিক্ষকতা শুরু করেছিলেন।
ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিষয়ে ফখরুল ইসলামের উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে প্রকাশিত হয়েছে। আর্সেনিক নিয়ে গবেষণায় তার বিশেষ অবদান রয়েছে। এটি বিশ্বব্যাপী প্রশংসিত। ড. ফখরুল ইসলাম ২০০৩ সালের দিকে ইমেরিটাস প্রফেসর হন।
এমবি





