করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসাইন মজুমদার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৬ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর কল্যাণপুরে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ক্যাম্পাসের বাসায় সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে নিজ বাসায় চিকিৎসা নেন অধ্যাপক আকরাম। পরে সপরিবারে ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানে পরিবারের বাকি সদস্যরা সুস্থ হলেও তাঁর অবস্থার অবনতি হওয়ায় প্রথমে আইসিইউতে এবং পরে গত ২৫ জুলাই লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর।

আজ (২৭ জুলাই) মঙ্গলবার জানাজা শেষে নিজ জেলা কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

ড. আকরাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর সহধর্মিণী ড. মাকসুদা আক্তার মুনিয়া একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

কর্মজীবনে ড. আকরাম হোসাইন মজুমদার আইন বিভাগের সভাপতি, আইন অনুষদের ডিন ও শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করেন।

এমবি