শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ধর্মঘট’ পালনকালে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ (সোমবার) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ধর্মঘট পালনকালে ছাত্রলীগ কর্মীরা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী জয়দ্বীপ দাসের মাথা ফাটিয়ে দেয়।

হামলায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াৎ আহমেদ, তৌহিদুজ্জামান জুয়েল, এম কে নাইমসহ ছাত্রজোটের ৮ নেতাকর্মী আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের ছাত্র জয়দ্বীপ দাসের মাথার জখম গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে সোমবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে ব্যানার টানিয়ে অবস্থান নিয়েছিলেন ছাত্রজোটের কর্মীরা। সকাল ১১টার দিকে আন্দোলনকারীদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান ভুঁইয়া, সহসম্পাদক সুব্রত পাল, সাদিকুর রহমান’সহ বেশ কয়েকজনের নেতৃত্বে এ হামলা চালানো হয়। এসময় আন্দোলনকারী ছাত্রীদেরকেও মারধর করা হয়। পরে ঘটনাস্থলে সহকারী প্রক্টর জাহিদ হাসান ও আবু হেনা পহিল উপস্থিত হলে তাদের সাথেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ জানান, ছাত্রলীগের একটি অংশ আন্দোলনকারীদের উপর হামলা করেছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমবি