ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সোমবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
রোববার সন্ধ্যায় ইবি ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আবুজার গিফারী গাফ্ফার এ তথ্য জানান।
তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু আমাদের ওপর পুলিশের গুলিতে আমাদের ২০ নেতাকর্মী আহত হয়েছে। এ ঘটনা কেন ঘটেছে, প্রশাসনের কাছে আমরা এর জবাব চাই।
তিনি আরো বলেন, এ ঘটনার তদন্ত ও বিচার না হওয়া পর্যন্ত সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র ধর্মঘট পালন করা হবে।
এর আগে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়।
আহতদের মধ্যে ৫ জন রাবার বুলেট বিদ্ধ হয়েছে বলে জানা গেছে। এছাড়া সংঘর্ষে ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে সূত্র জানিয়েছে। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





