'হোক মুক্ত সংস্কৃতির বিকাশ, রুখো শিক্ষা বাণিজ্য সন্ত্রাস’ এই শ্লোগানকে ধারণ করে শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংসদের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশে কাউন্সিলের উদ্বোধন করেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী। মানস কুমার তার বক্তব্যে ছাত্র ইউনিয়নের জনমানুষের দাবি আদায়ের লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা শিক্ষার অব্যাহত বানিজ্যিকীকরনের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন শিক্ষা আজ আলু, পটলের মতো পণ্যে পরিণত হয়েছে এবং বাজারে বিক্রি হচ্ছে।
তারা আরও বলেন জাবিতে ইংরেজী বিভাগ সহ আরও কিছু বিভাগে সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স চালু হয়েছে যা পাবলিক বিশ্ববিদ্যালয় ধারনার সাথে যায় না। এটা রীতিমতো পাবলিক বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট বানানোর চক্রান্ত।
অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদের সভাপতি হাসান তারেক তার বক্তব্যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অবস্থা তুলে ধরে বলেন ‘আমরা যে আশা নিয়ে দেশ স্বাধীন করেছি তা পূরণ হয়নি। বাংলাদেশ দিন দিন পেছনে ফিরে যাচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা জেলা কমিটির নেতা কমরেড আজম খান বাবু, জাবি সংসদের সভাপতি জাহিদুল ইসলাম জিন্নাহ, সাবেক সভাপতি সৌমিত চন্দ জয়দ্বীপ, সাবেক সাধারণ সম্পাদক হাসান সিনা হাসান প্রমুখ। কাউন্সিল শেষে জাবি সংসদের নয়া কমিটি ঘোষণা করা হবে।
এছাড়া একটি বর্ণাঢ্য র্যা লির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
[b]ঢাকা, এইচআর, ১০ মে, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]