চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সোহরাওয়ার্দী হলের পাশে ‘দ্বীপ মঞ্জিল’থেকে পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় হল শাখা শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৪২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শনিবার রাতে হাটহাজারী থানার উপ পরিদর্শক শাহ নেওয়াজ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করেন। মামলা নং-১৫।
মামলার এজাহারে ছাত্রশিবিরের সোহরাওয়ার্দী হল শাখার সভাপতি আবদুল হাকিম ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১০-১২জনকে আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের পাশে ‘দ্বীপ মঞ্জিল’নামে একটি ভবনে অভিযান চালিয়ে একটি পেট্রল বোমা, বিশটি লাঠি ও লোহার রড, চার বস্তা পাথর এবং সাতটি জিহাদি ভিডিও ক্যাসেট উদ্ধার করেছে পুলিশ।
এদিকে শনিবার রাতে শিক্ষক বাসে হামলায় জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে আরো ২ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
এর গত বুধবার হাটহাজারী উপজেলার ছড়ারকুল এলাকায় শিক্ষক বাসে হামলার ঘটনা ঘটে। এতে শিক্ষকসহ ১৬জন আহত হয়। এ ঘটনায় শিবিরকে দায়ি করেছেন হামলায় আহত শিক্ষকরা। এরপর থেকে হল ও বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





