মঙ্গলবার (১২ মে) মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-১) রাজীব কুমার সরকার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক পোস্ট দিচ্ছেন। তারা সরকার, সরকারি দপ্তর ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কটূক্তি, অপপ্রচার ও আপত্তিকর পোস্ট করছেন। কেউ কেউ আবার এ ধরনের পোস্ট শেয়ারও করছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
আদেশে আরও বলা হয়, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মন্ত্রিপরিষদ বিভাগ প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সব সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য।
এ নির্দেশিকা অমান্য করা সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ অনুযায়ী এটি অসদাচরণের পর্যায়ের অপরাধ হিসেবে বিবেচিত হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি, অপপ্রচার বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন— এমন শিক্ষকদের জরুরি ভিত্তিতে চিহ্নিত করে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করতেও বলা হয়েছে।
এমএম