ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর প্রটোকলে না যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থীদের চারটি কক্ষে তালা ঝুলিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রোববার রাত ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শরীফুল ইসলাম শপুর নেতৃত্বে ঘটনা ঘটিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা শিক্ষার্থী জানান, দীর্ঘ দিন যাবত বিভিন্ন প্রোগ্রাম করলেও তাদের রাখা হচ্ছে গণরুমে। রোববার দুপুরে ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী মধুর ক্যান্টিনে এলেও তারা ইচ্ছা করেই তার প্রটোকলে যাননি। এমন কি রাতে গেস্টরুমেও যাননি তারা।

এ কারণে ক্ষিপ্ত হয়ে শপুর নির্দেশে তৃতীয় বর্ষের কয়েকজন তাদের থাকার রুমগুলোতে তালা ঝুলিয়ে দেয়।

তালাবদ্ধ কক্ষগুলো হচ্ছে ২৪৮, ২৩৭, ৪০১ (ক) ও ৬২৬ (ক)। রুমগুলোতে ৩৪ জন শিক্ষার্থী থাকেন।

এ বিষয়ে শরীফুল ইসলাম শপু বলেন, তারা নিজেদের মধ্যে ঝামেলা করেছিল। আমি তখন হলের বাইরে ছিলাম। কে বা কারা তালা লাগিয়েছিল আমি জানি না। পরে হলে এসে আমি মিটমাট করে তালা খুলে দিয়েছি।

রাব্বানী ভাইয়ের প্রটোকলে না যাওয়ায় তালা দেয়ার বিষয়টি ভিত্তিহীন বলেও দাবি করেন শপু।

এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসন বলেন, আমি খোঁজ খবর নিচ্ছি। এ ব্যাপারে পরে জানাবো।

এসএম/ এবিসিদ্দিক