ডাকসু’র গেট বন্ধ করে ভিপি নুরুল হক নুরসহ অন্যদের ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এসময় ডাকসু ভবনের ছাদ থেকে কয়েকজনকে ছুঁড়ে ফেলা দেয় তারা।

ছুঁড়ে ফেলা এ পি এম সুহেলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্চা কেন্দ্র) রাখা হয়েছে। গতকাল দিবাগত রাত ১২টার দিকে মেডিকেলের সার্জারি বিভাগে তার মাথায় অস্ত্রোপচার করা হয়।

আজ (২৫ ডিসেম্বর) বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

গুরুতর আহত সুহেল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ঘনিষ্ট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা।

৯ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হক জানান, সুহেলের মাথায় ফ্র্যাকচার, কোমরে ব্যথা এবং চোখ এখনও ফোলা আছে। এসব কারণে এখনও তাকে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, “নুর কথা বলছেন এবং হাঁটছেন। তার হাতের ও কাঁধের এক্সরে করা হবে আজ। তিনি আশঙ্কামুক্ত।”

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর (রোববার) ভিপি নুরুল হক নুরকে তার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কক্ষে ঢুকে বাতি নিভিয়ে পেটান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। এদিনই সুহেলকে ডাকসু ভবনের ছাদ থেকে ফেলে দেয় নেতাকর্মীরা।

ভিপি নুরসহ আহতদের অভিযোগ- ছাত্রলীগ এই হামলায় সরাসরি অংশ নেয়। এসময় নুরের সঙ্গে থাকা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়। দুজনকে ছাদ থেকে ফেলে দেয়া হয়। তাদের মধ্যে রোববার রাত পর্যন্ত ১৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

রোববার হামলায় আহত ২৪ জন ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন। এখন ৫ জন হাসপাতালে ভর্তি আছেন। অনেকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন যারা হাসপাতালে ভর্তি আছেন তারা হলেন- ভিপি নুরুল হক, তুহিন ফারাবী, মেহেদী হাসান, আমিনুর ও নাজমুল ইসলাম।

এই হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেছেন ভিপি নুর। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

এমবি