রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগ নেতা রুস্তম আলী আকন্দ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় রাবি ছাত্রলীগের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ আল হোসেন তুহিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার কথা বিবেচনা করে শিক্ষার্থীদের স্বার্থে ধর্মঘট আগামী ২৯ এপ্রিল পর্যন্ত প্রত্যাহার করা হলো। এর মধ্যে রাবি শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনকে গ্রেফতারসহ ছয় দফা দাবি আদায় না হলে আবারো কঠোর কর্মসূচি দেয়া হবে।
ছয় দফা দাবিগুলো  হলো, ছাত্রলীগ নেতা রস্তম আলী আকন্দর হত্যাকরীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ও তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। ছাত্রলীগ কর্মী ফারুকসহ বিভিন্ন সময় ছাত্রলীগ নেতাকর্মীদের উপর হামলাকারী সন্ত্রাসী ছাত্রশিবির ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করতে হবে। বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরসহ সকল মৌলবাদী সংগঠনের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয় সকল ছাত্র-ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অবিলম্বে রাকসু ও অন্যান্য বিভাগীয় সমিতির নির্বাচনের মাধ্যমে
ছাত্র-ছাত্রীদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।গত পাঁচ এপ্রিল বিকেলে সংবাদ সম্মেলন করে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রলীগ। মঙ্গলবার চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করা হয়।
শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে নিজ কক্ষে গুলি করে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা রুস্তমকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছাত্রশিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ ছাত্রলীগের।
[b]রাবি, এমএইচ, ৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]