মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সেখানে এক সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে জানানো হয়।
মেডিক্যাল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা বাতিল, নতুন করে পরীক্ষা গ্রহণ এবং প্রশ্নপত্র ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।
গতকাল ভর্তি পরীক্ষা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাওয়ের জন্য বিক্ষোভ মিছির করলে তাতে হামলা চালায় পুলিশ।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর সারা দেশে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিনই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে শিক্ষার্থীরা আন্দোলনের ডাক দেয়।
পরীক্ষার দিন সকালে আগারগাঁওয়ে ইউজিসির সহকারী পরিচালককে প্রশ্নপত্রসহ র্যাব গ্রেফতার করলে শিক্ষার্থীদের আন্দোলন আরো গতি পায়।
এমকে





