শিক্ষকের ওপর হামলাকারী ছাত্রকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শাবিপ্রবির প্রক্টর হিমাদ্রি শেখর রায় জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের ছাত্র ওয়েছ আহমদকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিয়াজ আহমেদকে তার কার্যালয়ে প্রবেশ করে কুপিয়ে গুরুতর জখম করে বিভাগের মাস্টার্সের ছাত্র ওয়েছ আহমদ।
আহত শিক্ষককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. তন্ময় ভট্টাচার্য্য বলেন, আহত ড. নিয়াজ আহমদের শরীরে কয়েক দফা অস্ত্রপচার করা হয়েছে।
এদিকে আটক ও গণপিটুনীতে আহত ছাত্র ওয়েছ আহমদকেও একই হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





