হাজার বছর আগে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ ‘চর্যাপদ’ সম্পূর্ণ মুখস্থ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকেরুল ইসলাম কায়েস। খ্রিষ্টীয় দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতিপদাবলীর রচয়িতা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। এটি বাংলা ভাষার প্রাচীনতম কাব্য তথা সাহিত্য নিদর্শন। এছাড়া নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতম রচনা এটি।
মঙ্গলবার সকাল ১১টায় আরসি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানে কায়েস চর্যাপদসমূহ মুখস্থ পরিবেশন করেন।
জাকেরুল ইসলাম কায়েস বলেন,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি বাংলা বিভাগে ভর্তি হই। সেখানে চর্যাপদ পড়তে হয়। পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পাই। সেখানেও চর্যাপদ বিষয়টি পাঠ্য হিসেবে পাই। তারপরেই চিন্তা করলাম এটি মুখস্থ করা যেতে পারে। সেখান থেকেই মুখস্থ করা। তবে এটির ডেমো অনেক বন্ধুদের শুনিয়েছিলাম।
অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. ইসরাফিল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ও সাধন চন্দ্র মজুমদার এমপি,ছলিম উদ্দীন তরফদার সেলিম এমপি,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল এবং কবি,লেখক ও শিল্পী মো. আব্দুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
তিনি বলেন,আসলে হাজার বছর আগের এই চর্যাপদ মুখস্থ করা কঠিন ও দুঃসাধ্য কাজ। কিন্তু জাকেরুল তার কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি মুখস্থ করেছে। এর মাধ্যমে বাংলা যে অতীতে সমৃদ্ধ ছিল তার প্রমাণ মেলে। এটি তার মুখে শুনে মানুষ বুঝতে পারবে আমাদের ভাষা হাজার বছর আগে কেমন ছিল।
চর্যাপদের ভাষা বাংলা কিনা- সে বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরবর্তী সময়ে যার অবসান হয়েছে। এটি সৃজ্যমান বাংলা ভাষার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সিদ্ধাচার্যগণ সংস্কৃতে পারদর্শী হলেও তারা তৎকালীন অপরিণত বাংলাতেই পদগুলো রচনা করেছিলেন। চর্যাপদের ভাষা বাংলা ভাষার অদ্যাবধি আবিষ্কৃত আদিতম রূপ। হিন্দি,উড়িষ্যা বা মৈথিলী বিদ্বজ্জনরা এই ভাষায় নিজেদের পূর্বসূরীত্বের সন্ধান করলেও ভাষাবৈজ্ঞানিক অনুসন্ধানের ফল বাংলা ভাষারই অনুকূল। এই ভাষা সম্প্রদায় বিশেষের সাধন-সঙ্গীতের ভাষা বিধায় অস্পষ্ট ও দুর্বোধ্য। যদিও এতে উল্লিখিত ছন্দ ও রাগ-রাগিনী পরবর্তীকালের বাঙালি কবিদের পথনির্দেশিকারূপে কাজ করে।
[b]ঢাকা, ৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
শিক্ষা
চর্যাপদ মুখস্থ করলেন ঢাবির জাকেরুল
হাজার বছর আগে বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ ‘চর্যাপদ’ সম্পূর্ণ মুখস্থ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র জাকেরুল ইসলাম কায়েস





