কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
স্বর্ণপদকের জন্য কলা ও মানবিক অনুষদ হতে মনোনীত হয়েছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী তাবাসসুম ইসলাম নবণী (সিজিপিএ ৩.৬৫), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ হতে মনোনীত হয়েছেন গণিত বিভাগের শিক্ষার্থী মো. আসলাম হোসাইন (সিজিপিএ ৩.৯৪), জীববিজ্ঞান অনুষদ থেকে মনোনীত হয়েছেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা মুজিব (সিজিপিএ ৩.৯৯), সামাজিক বিজ্ঞান অনুষদ হতে মনোনীত অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মৌসুম (সিজিপিএ ৩.৯৪) এবং ব্যবসায় শিক্ষা অনুষদ হতে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী শারমিন সুলতানা (সিজিপিএ ৩.৯০)।
সহকারী রেজিস্টার তামান্না শারমিন জানান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে পাঁচটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থীকে মনোনীত করে তালিকাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। তবে আইন অনুষদের পরীক্ষা শেষ না হওয়ায় এই অনুষদ থেকে কোন শিক্ষার্থীর নাম এবার পাঠানো সম্ভব হয়নি।
উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও আগ্রহী ও মনোযোগী করে ভালো ফল অর্জনে উৎসাহ প্রদানের জন্য ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়। সকল বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ফলাফল করা ছাত্রছাত্রীদের এই পুরষ্কার দেওয়া হয়।
ইমন/এমবি





