মাওলানা নরুল ইসলাম ফারুকীর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্র সেনার ডাকা হরতাল ও বৃষ্টির কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রোববার সকালে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি।
সকালে সকল ভবনেই তালাবন্ধ অবস্থায় দেখা গেছে। বন্ধ রাখা হয়েছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও। হরতালের কারণে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার পরিবহন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রোববার সকালে ক্যাম্পাসে হরতাল সমর্থনে কোনো তৎপরতা দেখা না গেলেও সকল বিভাগেই বন্ধ রাখা হয়েছে ক্লাস-পরীক্ষা। সকল একাডেমিক ভবনের তালাগুলোও খোলা হয়নি।
নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সচল রয়েছে।
এদিকে সকালে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা গেছে, হরতাল ও টিপটিপ বৃষ্টির কারণে ক্যাম্পাস ছিল শিক্ষার্থী শূন্য। প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর, আমতলা ও লিচুতলাসহ বিভিন্ন চত্বরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি থাকলেও আজ তা ছিল একেবারেই শূণ্য।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান বলেন, গোটা রাজশাহীতে পরিবহন বন্ধ থাকার কারণে আমরাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের চলাচলের জন্য বাসগুলো বন্ধ রেখেছি।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এন্তাজুল হক বলেন, হরতালে শিক্ষার্থীরা যদি ক্যাম্পাসে আসে তাহলে বিভাগগুলো অবশ্যই ক্লাস-পরীক্ষা নেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার জন্য বিভাগে কোনো নির্দেশনা দেয়া হয়নি বলেও জানান তিনি।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





