রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয় ১ম বিজ্ঞান ভবন থেকে মিছিলটি শুরু করে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষে হয়। তবে মিছিল শেষে পুলিশ ছাত্রদলের তিন নেতাকে আটক করেছে বলে জানা গেছে।

জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য রবিউল করিম রবিন, শেরে-বাংলা হলের আহ্বায়ক আবু জাফার আল মুনসুর, শোহরাওয়ার্দী হলের আহ্বায়ক সানীন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। পরে মিছিলটি প্রথম বিজ্ঞান ভবন থেকে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে গিয়ে শেষ করে। তবে মিছিল শেষে বিশ্ববিদ্যালয় চারুকলা থেকে ছাত্রদলের তিন নেতাকে আটক করে মতিহার থানা পুলিশ।

আটককৃতরা হলেন, সোহরাওয়ার্দী হলের আহ্বায়ক সানীন চৌধুরী, আইন অনুষদের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও শেরে-ই-বাংলা হলের যুগ্ন আহ্বায়ক মিঠু।

এ ব্যাপারে মতিহার থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুর রউফকে জানতে চাইলে তিনি টাইম নিউজ বিডি.কমকে জানান, সকালে ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছে। নাশকতার অভিযোগে মিছিল শেষে এই তিন নেতাকে আটক করে থানায় রাখা হয়েছে।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় নগরীর মেহেরচণ্ডী কড়াইতলা এলাকায় নিজ বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসানকে আটক করে মহানগর ডিবি পুলিশ। পরে ৭ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পাসে সর্বাত্তক ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি।

কেএইচ