রাজশাহী শহরে বুধবার বিকাল ৫টার দিকে আয়োজিত বিক্ষোভ মিছিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সভাপতি এ এইচ খায়রুজ্জামান লিটনের বাসায় ককটেল হামলার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করা হয়।
বিভিন্ন হল সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরী আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয়ের মাদার-বখশ, সোহরাওয়ার্দী, সৈয়দ আমীর আলী, শাহ্ মখদুম, হবিবুর রহমান ও শহীদ জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদেরকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সৈয়দ আমীর আলী হলের একাধিক সাধারণ শিক্ষার্থী জানান, বেলা তিনটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের রুমে এসে বলেন, ৫ মিনিটের মধ্যে মিছিলে যাওয়ার জন্য হল গেটে আসতে হবে। অন্যথায় তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব অভিযোগ অস্বীকার করে টাইম নিউজ বিডি.কমকে বলেন, ‘কোনো শিক্ষার্থীকে জোর করে মিছিলে আনার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তবে যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত ও আওয়ামী লীগকে ভালোবাসে শুধু তাদেরকেই ডাকা হয়েছে।’
উল্লেখ্য, গত সোমবার রাত ৯টার দিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভপাতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসায় দুইটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
কেএইচ





