আজ মঙ্গলবার বিশ্ব ভালবাসা দিবস। আর এই দিবসে র‌্যালি করেছে 'বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত প্রায় তিন শতাধিক শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবন থেকে র‌্যালিটি শুরু হয়ে পার্কের মোড় হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে ক্যাম্পাসে সিঙ্গেল আসছে, ক্যাম্পাস কাঁপছে' 'জানিয়ে দাও সিঙ্গেল, দেখিয়ে দাও সিঙ্গেল', 'কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না', 'প্রেমের নামে প্রহসন মানি না, মানবো না', ইত্যাদি স্লোগান দেয় শিক্ষার্থীরা।

মিছিল শেষে ভালবাসা বঞ্চিত শিক্ষার্থীরা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তারা বলেন, প্রেম হচ্ছে মৌল-মানবিক চাহিদা। এখানে সবার সমান অধিকার থাকা উচিত।

ভালবাসা বঞ্চিত এক শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ জানান, ‘প্রেমের জন্য অনেক চেষ্টা করেও হয়নি। বেশ কয়েকটা প্রস্তাব দিয়ে ভালবাসা না পেয়ে তিনি হাল ছেড়ে দিয়েছেন। তিনি একা নন, তার মতো আরো অনেক ভালবাসা বঞ্চিত রয়েছে বলে জানান তিনি।

প্রেম বঞ্চিত হওয়ার প্রতিবাদে বিশ্ব ভালোবাসা দিবসে এমন অভিনব কর্মসূচি পালন করেন বেরোবির শিক্ষার্থীরা ।

ইভান/নাজিব