ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে ভিপি নুরুল হক নুর এবং তার সহযোগীদের ওপর  ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীদের হামলার ঘটনায় আহত তুহিন ফারাবিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রের (আইসিইউ) চিকিৎসক মাহবুব মোর্শেদ রোববার রাতে বলেন, ‘তুহিনের খিঁচুনি হচ্ছিল। তাই তাঁকে জেনারেল আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁর খিঁচুনি হচ্ছিল তা এখনি বলা যাচ্ছে না।

আঘাতের কারণে এই খিঁচুনি হচ্ছে, নাকি আগে থেকেই খিঁচুনি ছিল তা আরো পরে পরীক্ষা-নীরিক্ষা করে জানা যাবে।’

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামলার ঘটনায় ১৫ থেকে ২০ জন আহত হয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন। অবজারবেশন ওয়ার্ডে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তুহিন ফারাবি নামের একজনকে আইসিইউতে রাখা হয়েছে।’

রাতে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, এ ছাড়া ভিপি নুর ও সোহেল নামের একজনকে পুরাতন ভবনের ৩৬ নম্বর কেবিনে রাখা হয়েছে। এ ছাড়া আমিনুর নামের আরেকজন আহতকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইতে রাখা হয়েছে।

গত কাল দুপুরে ডাকসু ভবনে হামলায় আহত হওয়ার পর ভিপি নুরসহ অন্তত ১৫ জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন ভিপি নুর।

এএস