রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর এই ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভে উত্তাল ঢাবি ক্যাম্পাস।
আজ সোমবার (০৬ জানুয়ারি) ক্যান্টনমেন্ট থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার মেয়েটির বাবা। বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
রোববার সন্ধ্যায় ধর্ষণের ঘটনাটি ঘটলে রাত দশটার পরে নির্যাতিতা মেয়েকে ভর্তি করানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে। ধর্ষণের খবর ক্যাম্পাসে পৌঁছাতে রাজপথে নেমে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢামেক প্রাঙ্গণে বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল শুরু করেন।
ছাত্রলীগ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিলে অংশগ্রহণ করেন। এছাড়া শিক্ষার্থীরা ফেইসবুকে ইভেন্ট খুলে আজ বেলা ১১টায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। পৃথক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদলও। রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের ডাক দিয়েছেন শামসুন্নাহার হল সংসদের সহ-সভাপতি (ভিপি) শেখ তাসনিম আফরোজ ইমি।
রাত ৩টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেট থেকে শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
অপরদিকে রাত সাড়ে ৩টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয় মিছিলটি। এ সময় সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন, পরিষদের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন, সোহরাব হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং রোকেয়া হলে থাকেন। রোববার ক্লাস শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে শ্যাওড়ায় এক বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ওই শিক্ষার্থী। ভুল করে এর আগের বাসস্টপ কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নেমে পড়েন তিনি।
ওই সময় ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার একপর্যায়ে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি পেছন থেকে তাঁর মুখ চেপে ধরে। এরপর তাঁর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে তাঁকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রীকে শারীরিকভাবেও নির্যাতন করা হয় বলেও জানান তাঁরা।
রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢামেক হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।





