তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে পিটিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মোস্তাকীন রহমান সোয়াদ ও ইসরাত হোসেন ইমন। তাদেরকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফোকলোর চত্বরে ক্রিকেট খেলছিল। খেলা শেষে চত্বরের পাশে দাড়িয়ে থাকা দর্শন বিভাগের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হল ছাত্রলীগের যগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ও তার বান্ধবীর পাশ দিয়ে শিক্ষার্থীরা টিউবওয়েলে পানি খেতে যায়। পাশ দিয়ে যাওয়া নিয়ে মনিরুল এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন রুবেল সাথে শিক্ষার্থীদের বাকবিতন্ড হয়। এর একপর্যায়ে ছাত্রলীগের মনিরুল, রুবেল, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ব্যাট ও স্ট্যাম্প দিয়ে ওই শিক্ষার্থীদের বেধড়ক মারধর করে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটিং প্রথম বর্ষের একজন শিক্ষার্থী বলেন, বন্ধুদের মারধর শেষে হুমকি দিয়ে বলা হয়, সাংবাদিকদের জানালে ‘খবর আছে’।
এই ঘটনায় আহত সোয়াদ ও ইমনকে উদ্ধার করে গুরুত্বর আহতাবস্থায় রামেক নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা রামেকের ৩৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ছাত্রলীগকর্মী মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে উল্লেখ করেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘মনিরুলের বান্ধবীর ঘটনায় দু-পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বলে শুনেছি। এতে ছাত্রলীগকর্মী মুনও আহত হয়েছে।’
এম আর





