জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘এ’ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইলফোনে ‘প্রশ্নোত্তর’ বহন করায় আব্দুর রহমান নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় তল্লাশি করে আব্দুর রহমানের কাছে একটি মোবাইলফোন পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নুর মোহাম্মদ বলেন, আটক পরীক্ষার্থীর কাছে পাওয়া মোবাইলের মধ্যে পরীক্ষার উত্তরপত্র সদৃশ কিছু ডকুমেন্ট পাওয়া গেছে। এ ছাড়া পরীক্ষার হলে মোবাইল বহন করার ওপর নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে তাকে আটক করা হয়।

প্রক্টর বলেন, পরীক্ষা কেন্দ্রে মেজিস্ট্রেট আছেন। তিনি আটক পরীক্ষার্থীর মোবাইলের উত্তরপত্র সদৃশ তথ্য যচাইবছাই করছেন। পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদী ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ২৯টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য ৭২৫টি এবং অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৩৫টি আসনসহ মোট ৭৬০টি আসন রয়েছে ‘এ’ ইউনিটে। এর বিপরীতে এবার আসনপ্রতি প্রায় ৭৬ জন করে ৫৭ হাজার ৭০৩ শিক্ষার্থী পরীক্ষা দিতে আবেদন করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

কেএইচ