দায়িত্ব পালনে ব্যর্থতাএবং ডেঙ্গুর মতো একটি মহামারীকে ‘গুজব’ বলে উড়িয়ে দেয়ায় স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পদত্যাগ দাবি করেছেন প্রতিবাদকারীরা।

রোববার (২৮ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র রাজু ভাস্কর্যে এক মানববন্ধন শেষে এই কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন- মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো. আল মামুন, যুগ্ম-আহ্বায়ক শরীফুল হাসান শুভ, শোয়েব হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী এবং ঢাকা সিটির দুই মেয়র তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি কত জাতির কাছে প্রকাশ করতে হবে। মশার ওষুধের পরিবর্তে কেরোসিন দিলে তো মশা নির্মূল হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ দাবি করছি।

তিনি বলেন, ঢাকা মেডিকেল হাসপাতালসহ দেশের সব মেডিকেল হাসপাতালের পরিবেশ খুবই নোংরা, টয়লেটগুলো অপরিষ্কার। স্বাস্থ্যখাতে এত বরাদ্দ থাকার পরও কেন এরকম পরিবেশ কেন? আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেলের টয়লেটগুলো পরিষ্কার না করলে মুক্তিযুদ্ধ মঞ্চ এইসব টয়লেট পরিষ্কার করে তাকে দেখিয়ে দিবে কীভাবে পরিষ্কার করতে হয়। 

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আল মামুন বলেন, “ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। অথচ একে গুজব বলছেন মেয়র। ডেঙ্গুতে মৃত্যুবরণ করা নাগরিকদের মৃত্যুর দায়ভার দুই মেয়রকেই নিতে হবে।”  আল মামুন বলেন, ঢাকার দুই মেয়র এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

এমবি