রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলামের হত্যার প্রতিবাদ জানিয়েছেন ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা।

তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

রোববার দুপুর দেড়টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিল বের হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাবি সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৌমিত্র পার্থর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংসদের সভাপতি তন্ময় ধর, কোষাধ্যক্ষ আবিদ সরকার সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজির আমিন চৌধুরী জয়, ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল।

তন্ময় ধর বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক দেশের বুদ্ধিজীবি, দেশ গড়ার কারিগর। অধ্যাপক শফিউল একজন বাউল গবেষক ছিলেন। তাই এই হত্যায় সাম্প্রদায়িক শক্তি জড়িত থাকার ধারনা উড়িয়ে দেওয়া যায় না।’

তিনি আরও বলেন, ‘এই হত্যাকান্ড জাতিকে মেধাশুন্য করার পায়তারা । আমরা এই হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

এসএইচ