ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৩৬ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে র‌্যাব ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদেরকে আটক করে।

ঢাবি’র প্রক্টর আমজাদ আলী জানান, ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র থেকে কমপক্ষে ১৭ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

আটকদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে শারমিন আক্তার ও সালমা আক্তার, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল কেন্দ্র থেকে মেহেদী হাসান ও তৌফিক পঠান। তাৎক্ষণিকভাবে বাকিদের নাম জানা যায়নি।

এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাবের হাতে জালিয়াতিচক্রের ১২ সদস্যসহ ১৯ জন আটক হয়েছে। আটকদের মধ্যে ৭জন পরিক্ষার্থী রয়েছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর