চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবছর থেকে যুক্ত করা হয়েছে দুই অনুষদের অধীনে নতুন তিনটি বিভাগ। বিভাগ বাড়ায় বৃদ্ধি পেয়েছে আসন সংখ্যাও।

সমাজ বিজ্ঞান অনুষদের অধীনে ক্রিমিনলজি, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং কলা ও মানববিদ্যা অনুষদের অধীনে বাংলাদেশ স্টাডিজ যুক্ত হয়েছে। সেই হিসেবে বিশ্ববিদ্যালয়ে নতুন করে মোট বিভাগ ও ইনস্টিটিউটের সংখ্যা দাঁড়াল ৫১টিতে। এদিকে ১৩৩টি আসন বৃদ্ধি পেয়ে এ বছর মোট আসন সংখ্যা হয়েছে ৪৯২৪টি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে অটোমেশন পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তির আবেদন প‌্রক্রিয়া উদ্বোধন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প‌্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড.শিরীণ আখতার, রেজিস্ট‌্রার অধ্যাপক ড.কামরুল হুদাসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ডিন ও সভাপতিরা।

উপাচার্য ড. ইফতেখার উদ্দিন বলেন, অটোমেশন পদ্ধতির মাধ্যমে ভর্তির প‌্রক্রিয়া হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ অনেক কমে যাবে। পাশাপাশি চার ইউনিটে পরীক্ষা হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক ব্যয়ও কমবে। উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর চেয়েছি কিভাবে একটি আধুনিক বিদ্যাপীঠ উপহার দেওয়া যায়। সেই হিসেবে গড়ে তোলা হচ্ছে চবিকে।

এবছর ২০১৭-১৮ সেশনে ১০টি ইউনিট থেকে কমিয়ে চারটি-বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক ও সম্মিলিত ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

যেসব শিক্ষার্থী শুধু বিজ্ঞান বিভাগের অধীনে থাকা বিষয়গুলো পড়তে চান তারা বিজ্ঞান ইউনিটে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়তে ইচ্ছুক তারা ব্যবসা শিক্ষা ইউনিটে, মানবিকে যারা পড়তে ইচ্ছুক তারা শুধু মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এছাড়া যেসব শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা ইউনিটের বিষয়গুলো পড়তে চান তারা সম্মিলিত ইউনিটে পরীক্ষা দিতে পারবে। একইভাবে অন্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।

স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে শুরু হয়েছে। যা চলবে ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। সংশ্লিষ্ট ব্যাংকে ভর্তি আবেদনের টাকা জমা দেওয়া যাবে ৫ অক্টোবর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত।

মাসুম/জারিফ